ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস অনেকেরই রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে “স্লিপ টেরর” বা “নাইট টেরর” বলা হয়। কিন্তু কেন এমন হয়? বিশেষজ্ঞরা বলছেন, সারাদিনের কিছু অভ্যাসই এই সমস্যার জন্য দায়ী।
দেখে নিন কোন অভ্যাসগুলোর কারণে ঘুমের মধ্যে কথা বলার প্রবণতা বাড়ে:
১. অতিরিক্ত দুশ্চিন্তা
দিনভর নানা ঘটনা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করলে রাতে মস্তিষ্ক সম্পূর্ণভাবে বিশ্রাম পায় না। বিশেষজ্ঞদের মতে, সারাদিন স্ট্রেসে থাকলে ঘুমের মধ্যেও সেই বিষয়গুলো বারবার মাথায় আসে এবং মুখ দিয়ে কিছু কথা বেরিয়ে যায়।
২. রাত জেগে থাকা
ওয়েব সিরিজ, সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটানো অভ্যাসের কারণে ঘুমের রুটিন নষ্ট হয়। দিনে অন্তত ৭ ঘণ্টা ঘুমের প্রয়োজন। কম ঘুমের ফলে স্নায়ুর উপর চাপ পড়ে, মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং স্লিপ টেরর দেখা দিতে পারে।
৩. অ্যালকোহল সেবন
রাতে অ্যালকোহল গ্রহণের ফলে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এটি স্ট্রেস হরমোন, যা মস্তিষ্কে প্রভাব ফেলে। যার ফলে ঘুমের মধ্যে কথা বলাসহ নানা সমস্যা দেখা দিতে পারে।
৪. স্লিপ অ্যাপনিয়া
স্লিপ অ্যাপনিয়া হলো এমন একটি সমস্যা যেখানে ঘুমের মধ্যে হঠাৎ শ্বাসপ্রশ্বাস থেমে যায়। এ ধরনের রোগীদের মধ্যে ঘুমের মধ্যে কথা বলার প্রবণতাও বেশি দেখা যায়। তাই এই সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।