অ্যালুমিনিয়াম পাত্রে রান্না কতটা নিরাপদ?

দৈনন্দিন প্রয়োজনে বহু বাড়িতে অ্যালুমিনিয়ামের তৈরি কড়াই, হাঁড়ি, কুকার কিংবা তাওয়ায় রান্না হয় প্রতিদিন। কারণ এগুলো যেমন হালকা, তেমনই সস্তা। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকেরা বলছেন, এই স্বস্তিই হয়ে উঠতে পারে নীরব ঘাতক। কারণ, অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করা খাবার দীর্ঘদিন ধরে খেলে শরীরে ধীরে ধীরে জমতে পারে বিষাক্ত উপাদান- যা ব্রেন ও কিডনি, এমনকি পুরো ইমিউন সিস্টেমকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

গবেষণা কী বলছে?

একাধিক গবেষণায় দেখা গেছে, অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলে দৈনিক খাবারে প্রায় ১ থেকে ২ মিলিগ্রাম অ্যালুমিনিয়াম মিশে যায়। এই মাত্রা সামান্য হলেও দীর্ঘমেয়াদে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

মস্তিষ্কের ক্ষতি ও আলঝাইমারের শঙ্কা

গবেষণায় দেখা গেছে, আলঝাইমার বা পার্কিনসনের রোগে আক্রান্তদের মস্তিষ্কে স্বাভাবিকের চেয়ে বেশি অ্যালুমিনিয়াম পাওয়া গেছে। এটি প্রমাণ করে, অ্যালুমিনিয়াম স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এবং স্মৃতিশক্তি দুর্বল করে। এমনকি মাথাব্যথা, ভুলে যাওয়া, এবং একাগ্রতা হ্রাস পাওয়াও হতে পারে এর প্রাথমিক লক্ষণ।

কিডনির ওপর প্রভাব

যাদের কিডনি আগে থেকেই দুর্বল, তাদের জন্য অ্যালুমিনিয়াম ভয়ানক বিপজ্জনক। শরীরে অ্যালুমিনিয়াম জমতে থাকলে কিডনির স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয়। এটি দীর্ঘমেয়াদে রেনাল ফেইলিউরের কারণ হতে পারে।

ইমিউন সিস্টেম দুর্বল করে

অ্যালুমিনিয়াম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। ফলে ঘন ঘন অসুস্থতা, ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়। বিশেষ করে টকজাতীয় পদার্থ- টমেটো, লেবু, ভিনেগার অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং খাবারে বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম মিশে যায়। যা হজমে সমস্যা এবং পেটের অসুস্থতা ডেকে আনে।

ক্যানসারের সম্ভাবনা?

যদিও অ্যালুমিনিয়াম সরাসরি ক্যানসারের কারণ- এমন কোনো প্রমাণ নেই, তবুও এটি শরীরে টক্সিনের মাত্রা বাড়িয়ে দেয়। দীর্ঘদিন ধরে এই বিষক্রিয়া শরীরে ক্যানসার কোষ তৈরির ক্ষেত্র প্রস্তুত করতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

তাহলে করণীয় কী?

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, দৈনন্দিন রান্নায় স্টেইনলেস স্টিল, কাঁচ বা কাস্ট আয়রনের পাত্র ব্যবহার করাই নিরাপদ। একান্ত প্রয়োজনে অ্যালুমিনিয়াম পাত্র ব্যবহার করলেও, তাতে টক খাবার রান্না একেবারেই এড়িয়ে চলতে হবে।

অ্যালুমিনিয়াম ভবিষ্যতে শরীরের জন্য হতে পারে বড় মূল্য চোকানো এক সিদ্ধান্ত। সচেতন হোন এখনই, কারণ রান্নাঘরের ছোট ভুল হতে পারে সুন্দর জীবন বদলে দেওয়ার কারণ।