আইনি জটিলতার পর জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স স্বেচ্ছায় একটি পুনর্বাসন (রিহ্যাব) কেন্দ্রে ভর্তি হয়েছেন। নিজ উদ্যোগেই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন তিনি, যা তার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।
এর আগে, গত ৪ মার্চ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, কর্মকর্তারা তার মধ্যে মাদকাসক্তের লক্ষণ দেখতে পান এবং তাকে একাধিক টেস্টে অংশ নিতে বলা হয়।
পরে তাকে ভেনচুরা কাউন্টি প্রধান কারাগারে নেওয়া হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
গ্রেপ্তারের পর ব্রিটনির প্রতিনিধি জানান, তার জীবনে পরিবর্তন আনা খুব দরকার। তিনি নিজেই বিষয়টি বুঝতে পেরেছেন।
ব্রিটনির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তিনি নিজের ভুল স্বীকার করে জীবনধারায় পরিবর্তন আনতে চান। সে লক্ষ্যেই স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হয়েছেন। তার ঘনিষ্ঠদের মতে, পরিবারও এ সিদ্ধান্তে তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
পরবর্তীতে ব্রিটনি নিজেও বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তোমাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো সত্যিই অনেক ভালো। সবার প্রতি অনুরোধ, আমার পাশে থাকবেন।
ক্যারিয়ারের শুরু থেকেই নানা রকম চর্চায় থাকা পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ব্যক্তিগত জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে বড় সিদ্ধান্ত নিলেন।
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, ৪ মার্চের ওই ঘটনায় গ্রেপ্তারের পর একদিন কারাগারে ছিলেন তিনি। মামলার শুনানির জন্য আগামী ৪ মে তাকে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজির হতে হবে।