ইকুয়েডরে এক ধর্মীয় প্রার্থনা সভা পরিচালনার সময় সেখানে দেওয়ালে টাঙানো বিশালাকার একটি ক্রুশ ভেঙে গায়ে পড়ে প্রাণ হারিয়েছেন গির্জার প্রধান পাদ্রি প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি। সরাসরি সম্প্রচারিত সভার সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ ঘটনাটি ধারণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
শনিবার (১৬ অক্টোবর) প্রতিদিনের ন্যায় ফাদার সানচেজ মোলিনারি বেদীর সামনে দাঁড়িয়ে সমবেত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। সে সময় হঠাৎ করেই তার ঠিক পেছনের দেওয়ালে টাঙানো বিশালাকার ভারী ক্রুশটি হঠাৎ খুলে সরাসরি তার মাথার ওপর আছড়ে পড়ে। আকস্মিক এই আঘাতে তিনি গুরুতর রক্তাক্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক শোকবার্তায় আর্চডায়োসিস অব গিওয়াকিল তাদের প্রিয় যাজকের এই মর্মান্তিক প্রয়াণের খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। একই সঙ্গে তারা প্রয়াত ফাদারের আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করে।
প্রয়াত ফাদার সানচেজ মোলিনারি সংশ্লিষ্ট গির্জার প্রধান পাদ্রি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ দিন ধরে ধর্মীয় সংগঠন ‘কংগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’-এর একজন অত্যন্ত সক্রিয় ও প্রবীণ সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন।