মায়ের মোবাইলে গেমস খেলার ছলে ৪ লাখ টাকার পণ্য অর্ডার

পাঁচ বছর বয়সী কন্যা শিশুকে গেমস খেলতে মোবাইল দিয়েছিলেন মা। আর সেটি হাতে পেয়েই অনলাইন থেকে ৪ লাখ টাকার পণ্য অর্ডার করলেন মেয়ে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্টপোর্টে বসবাসরত একটি পরিবারের সঙ্গে ঘটনাটি ঘটেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছর বয়সী লিলা তার মায়ের অ্যামাজন অ্যাকাউন্ট থেকে ৫টি গোলাপি মোটরসাইকেল, ৫টি নীল মোটরসাইকেল, ছোট ভাইয়ের জন্যে ২ সিটের একটি জীপ গাড়ি এবং মায়ের জন্যে ১০ জোড়া কাউগার্ল বুট জুতা অর্ডার করে। মোট ৩ হাজার ৭৮০ ডলারেরও বেশি মূল্যের পণ্য কিনে লিলা। বাংলাদেশি মুদ্রায় যা ৪ লাখ টাকারও বেশি। 

অথচ এসব কিছুই জানেন না লিলার মা জেসিকা নুনেস। পরেরদিন অর্ডার নিশ্চিত করতে পাঠানো ই-মেইল পেয়ে হতবাক হয়ে যান তিনি। পরে মোবাইল চেক করতে যেয়ে আবিষ্কার করেন মেয়ের এই কাণ্ড।

সংবাদমাধ্যম টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে নুনেসের জানান, গাড়িতে করে বাড়ি ফেরার পথে মেয়ের হাতে ফোন ছিল। তিনি ভেবেছিলেন সে গেমস খেলছে। এরপর গত সোমবার সকালে একটি ই-মেইল পান যে তার প্যাকেজগুলো পাঠানো হয়েছে। অথচ তিনি কিছুই অর্ডার করেননি।

তিনি বলেন, আমি আমার অ্যামাজন অ্যাকাউন্টে গিয়ে দেখি, ১০টি মোটরসাইকেল, একটি জিপ এবং ১০ জোড়া কাউগার্ল বুট অর্ডার দেওয়া হয়েছে। বাইক, জিপ ও জুতার দাম ছিল ৩ হাজার ৭৮০ ডলার।

নুনেস তাৎক্ষণিকভাবে ৫টি মোটরসাইকেল ও জুতার অর্ডার বাতিল করতে পেরেছিলেন। তবে ৫টি মোটরসাইকেল এবং শিশুদের দুই আসনের একটি জিপ গুদাম থেকে বেরিয়ে যাওয়ায় সেগুলোর অর্ডার বাতিল করা যায়নি।

তবে বিক্রেতাদের সম্পূর্ণ ঘটনা জানালে, পরবর্তীতে সেগুলো ফেরত দিতে সক্ষম হয়েছিলেন নুনেস।