আপসানা বেগমের কাছে বিপুল ভোটে হারলেন সাবেক স্বামী

যুক্তরাজ্যের ৪ জুলাই‌য়ের জাতীয় নির্বাচ‌নে বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগমের কাছে শোচনীয় পরাজয় ঘটেছে তার সাবেক স্বামী এহতেশামুল হকের। বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসনের লেবার মনোনীত প্রার্থী আপসানা বেগম ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার এমপি নির্বাচিত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী তার সাবেক স্বামী এহতেশামুল হক ৪ হাজার ৫৫৪ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। দ্বিতীয় হয়েছেন গ্রিন পার্টির নাথালি বেইনফিট। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট আর ৪ হাজার ৭৩৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং।

আপসানা-এহ‌তেশা‌মের বি‌য়ে ও বি‌য়ে–পরবর্তী নানা ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। ডি‌ভো‌র্সের নয় বছর পর সাবেক স্ত্রী ও বর্তমান সংসদ সদ‌স্যের বিপরীতে লন্ড‌নের বাংলা‌দেশি অধ্যুষিত আসন পপলার অ্যান্ড লাইম হাউস থেকে এহ‌তেশা‌মের প্রার্থিতার বিষয়‌টি ক‌মিউনিটি‌তে আলোচনা তৈরি ক‌রেছিল। এহতেশামুল হক টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ছিলেন।

২০১৩ সা‌লে টাওয়ার হ‌্যাম‌লেটস কাউন্সিলের সা‌বেক কাউন্সিলর ম‌নির উদ্দীন আহমেদের মেয়ে আপসানা বেগম ও সা‌বেক কাউন্সিলর এহতেশামুল হ‌কের বি‌য়ে হয়। দুজনের গ্রা‌মের বাড়ি সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর উপ‌জেলায়। তাদের বিচ্ছেদ হয় ২০১৫ সা‌লে। ২০২০ সা‌লে আপসানার বিরু‌দ্ধে তার সাবেক স্বামীর পরিবারের একজন সদস্য আবাসন জা‌লিয়াতির অভি‌যোগ আনেন। ২০২১ সা‌লের ৩০ জুলাই আদাল‌তে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি।