বেলজিয়ামের আঞ্চলিক ফ্লেমিশ পার্লামেন্টের শৌচাগারে লকার বিকল হয়ে প্রায় ১৩ ঘণ্টা আটকে ছিলেন সংসদ সদস্য ফেদ্রেক এরেন্স। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা শৌচাগারের দরজা ভেঙে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রাসেলস টাইমসের প্রতিবেদনে জানানো হয়, রাজধানী ব্রাসেলসে অবস্থিত ফ্লেমিশ পার্লামেন্টে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরদিন বুধবার সকালে দমকল বাহিনীর কর্মীরা একটি ক্রোবারের সাহায্যে শৌচাগারের লক ভেঙে ৫৮ বছর বয়সী এই এমপিকে উদ্ধার করেন।
দীর্ঘ সময় আটকে থাকার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে উদ্ধারের পর পরই তাকে স্থানীয় সেন্ট-জেন হাসপাতালে নেওয়া হয়। দরজা বিকল হওয়ার সুনির্দিষ্ট কারণ ও তার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালে ফ্লেমিশ ব্রাবান্ট এলাকা থেকে এমপি নির্বাচিত হওয়া ফেদ্রেক এরেন্স বর্তমানে পার্লামেন্টের গতিশীলতা, জনকল্যাণ ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য। একই সঙ্গে তিনি কিরবারগানের পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।



