মিয়ানমারে ফের ভূমিকম্প

গত ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পের ধকল সামলে উঠতে না উঠতেই মিয়ানমারে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল) গভীরে। মাত্রা ছিল ৫.৬।

রবিবার (১৩ এপ্রিল) সকালে দেশটির মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলার কাছে ভূমিকম্পটি সংঘটিত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

তবে এতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রবিবার সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়। গত ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে মিয়ানমারে মাঝেমধ্যেই পরাঘাত হচ্ছে। গত শুক্রবারও সেখানে ভূকম্পন অনুভূত হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫ হাজার ১৮ জন।