ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক মারা যাওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনী ইরানি জাতির উদ্দেশে এক ভিডিও বার্তা দিয়েছেন।
বুধবার (১৮ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বার্তাটি সম্প্রচারিত হয়েছে।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন, “আমাদের দেশের প্রিয় ও মহান জাতির প্রতি রইল আমার সালাম। আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাত, যা সবার জন্য কষ্টদায়ক, তাতে ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন, সমবেদনা ও শোক জানাচ্ছি। আশা করছি সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন এবং তাদের পবিত্র আত্মাগুলোকে তার বিশেষ করুণায় আচ্ছাদিত করবেন।”
বার্তায় তিনি আরও বলেন, “আর আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, ইহুদিবাদী ইসরায়েল শুধু বড় ভুলই নয়, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে (দখলদার ইসরায়েল) অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না। তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং দেশের কর্মকর্তারা ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছেন।”
ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আরও বলেন, “আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল ও ব্যক্তি থেকে একই রকম বার্তা জারি করা হয়েছে। সবাই মনে করেন যে আমাদের অবশ্যই ঘৃণিত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সঙ্গে কাজ করব এবং তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।”
ভিডিও বার্তায় খামেনি বলেন, “নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ট হয়ে পড়বে। ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে, তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। না, তারা শুরু করেছে এবং তারা যুদ্ধের সূচনা করেছে। ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে, তা থেকে তাদেরকে অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেব না। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে। ইরানি জাতি আমাদের সঙ্গে আছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে আছে এবং আল্লাহর ইচ্ছায় ইসলামি প্রজাতন্ত্র ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে।”
বার্তায় শেষে তিনি বলেন, “প্রিয় দেশবাসী, এটা জেনে রাখুন এবং নিশ্চিত থাকুন এই ক্ষেত্রে কোনো ত্রুটি করা হবে না। আপনাদের ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।”
এদিকে ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। সংস্থাটি জানায়, বোমা হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানে ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।