Monday, August 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার ভয়াবহ ফসফরাস বোমা হামলা চালালো ইসরায়েল

ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ গভর্নরেটের একাধিক লোকালয় ও বনাঞ্চলে নিষিদ্ধ ফাজেল ফসফরাস বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

সোমবার (৩ আগস্ট) লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের ইয়ারুন, আরনুন এবং বিন্ত জুবাইল এলাকার জলপাই ও পাইন গাছের বাগানে এই কেমিক্যাল ভর্তি বোমাগুলো ফেলা হয়। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। একই সময়ে নাবাতিয়েহর নিকটবর্তী আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরায়েল দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেছে লেবাননের রাষ্ট্রীয় সংস্থাটি।

এদিকে, লেবাননে দীর্ঘ আট মাস ধরে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে শেষ করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর ৯১তম ডিভিশনের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, তাদের অধীনস্থ ‘৪০১তম ব্রিগেড’ দক্ষিণ লেবাননে তাদের নির্ধারিত কৌশলগত ও প্রতিরক্ষামূলক মিশন সম্পন্ন করেছে।

বিবৃতিতে আইডিএফ দাবি করে, সীমান্ত সংলগ্ন এলাকায় গত আট মাসে পরিচালিত বিশেষ অভিযানে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১,২০০টিরও বেশি আস্তানা ও অবকাঠামো ধ্বংস করেছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক এবং বেশ কিছু সামরিক বাঙ্কার রয়েছে। এছাড়া ৬০০টির বেশি অস্ত্র উদ্ধারসহ অন্তত ৬০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

   

About

Popular Links

x