Monday, August 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু

একটি আবাসিক ফ্ল্যাট লক্ষ্য করে পরিচালিত এই বিমান হামলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

ফিলিস্তিনের গাজা শহরে ইসরায়েলি বাহিনীর নারকীয় বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী এবং তাদের অনাগত সন্তান প্রাণ হারিয়েছেন। হামলার ভয়াবহ বিস্ফোরণের প্রচণ্ডতায় মায়ের গর্ভ থেকে অনাগত শিশুটি বাইরে ছিটকে পড়ে মারা যায়।

রবিবার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি আবাসিক ফ্ল্যাট লক্ষ্য করে পরিচালিত এই বিমান হামলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনার প্রেক্ষাপটে গাজার সাধারণ মানুষ আশা করেছিলেন যে ইসরায়েলি সামরিক বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন উড্ডয়ন বন্ধ হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সেবা, পর্যাপ্ত ত্রাণ সহায়তা এবং চলাচলের পথ সুগম হবে। তবে বাস্তবে এসব আশার কোনো সুফল মেলেনি। উল্টো প্রতিদিনের প্রতিনিয়ত বোমাবর্ষণে মৃতের সংখ্যা বাড়তে থাকায় গাজাবাসীর মধ্যে তীব্র উৎকণ্ঠা ও চরম হতাশা বিরাজ করছে।

প্রতিবেদনে আরও জানা যায়, শুধু আবাসিক ভবনই নয়, ভিটেমাটি হারিয়ে গৃহহীন হওয়া যে ফিলিস্তিনি পরিবারগুলো অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন, সেখানেও রেহাই মিলছে না ইসরায়েলি হামলা থেকে। আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় বহু মানুষকে বারবার নতুন জায়গায় বাস্তুচ্যুত হতে হচ্ছে।

বর্তমানে গাজা উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলের গাজা শহর, খান ইউনিস এবং দেইর আল-বালাহ সহ প্রায় সব এলাকাতেই অব্যাহত বোমাবর্ষণ চলছে। ফলে যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে আশ্রয়প্রার্থী নাগরিকদের জন্য কোনো স্থানই আর নিরাপদ অবশিষ্ট নেই।

   

About

Popular Links

x