বিদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন কাঠামোয় ভিসার মূল ক্যাটাগরি বা শ্রেণি ১৩টি থেকে নামিয়ে ৯টি করা হয়েছে। উপশ্রেণির সংখ্যাও ৪৯ থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে।
একইসঙ্গে ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পর্যটন, চিকিৎসা, পড়াশোনা, গবেষণা ও ব্যবসার কাজে ভারতে যেতে ইচ্ছুক বিদেশিরা নতুন এই ব্যবস্থার আওতায় ভিসার আবেদন করতে পারবেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করে এ পরিবর্তন আনা হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান বিভাগগুলোর সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছিল সরকার।
ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিজিটর ভিসা। শুধু ঘুরতে যাওয়া নয়, এই ভিসায় আরও কয়েক ধরনের স্বল্পমেয়াদি কাজের সুযোগ থাকবে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেওয়া, ওয়েলনেস রিট্রিট, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্প ও কারুশিল্পের কোর্স। স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিও এর আওতায় থাকবে।
ভিজিটর ভিসা দুই ধরনের - ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য ভি-২ ভিসা দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে ১, ৫ অথবা ১০ বছর।
ভি-২ ভিসায় ভি-১-এর সব সুবিধার পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। এছাড়া পর্বতারোহণের জন্য আলাদা ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।
চিকিৎসার জন্য এক বছর মেয়াদি ভিসা
বিদেশি রোগীদের জন্য মেডিকেল ভিসার নিয়মেও পরিবর্তন এনেছে ভারত সরকার। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার মেয়াদ হবে এক বছর। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা থাকবে।
রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা করা হয়েছে। এম-১ ভিসাধারী রোগীর সঙ্গী পাবেন এম-২ ভিসা। আর এম-৩ ভিসাধারী রোগীর সঙ্গীর জন্য থাকবে এম-৪ ভিসা।
সরকারের মতে, দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিকবার চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা নিয়মিত ফলোআপের প্রয়োজন হয় এমন বিদেশি রোগীরা নতুন ব্যবস্থায় সুবিধা পাবেন। একই চিকিৎসার জন্য বারবার নতুন ভিসার আবেদন করতে হবে না। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গেও এই পরিবর্তন যুক্ত।
বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন ভিসা
শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা থাকবে।
অন্যদিকে এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, ভিজিটিং ফ্যাকাল্টি, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্নশিপ এবং এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্ত ব্যক্তিদের।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা ই-এস-১ ভিসা পেতে পারেন। এ ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ পর্যন্ত হবে - যেটি কম। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
ব্যবসায়িক ভিসায় যুক্ত হচ্ছে নতুন সুবিধা
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ এই দুই ভাগে সাজানো হয়েছে। ভারতে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা কিংবা শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বি-১ ভিসা দেওয়া হবে।
অন্যদিকে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কাজের জন্য থাকবে বি-২ ভিসা। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত থাকবে।
ভারতীয় প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে আসা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও নতুন সুবিধা রাখা হয়েছে। যন্ত্রপাতি স্থাপন ও চালু করা, পণ্যের মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও ইআরপি পরিচালনা, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত বিদেশিরা এ সুবিধা পাবেন।
এ ধরনের পেশাজীবীদের ই-ভিসা ব্যবস্থায় বি-২ ক্যাটাগরির অধীনে প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা দেওয়া হতে পারে। আগে এই ভিসা ই-বি৪ (e-B4) নামে পরিচিত ছিল।
১৭২ দেশের নাগরিকদের জন্য ‘ই-ভিসা’
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসা সুবিধা পাচ্ছেন। দেশটির ১৩টি উপবিভাগের আওতায় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে এই ভিসা দেওয়া হয়। নতুন নিয়ম কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থা হালনাগাদ করছে ভারত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, ২০২৬ সালের শেষ নাগাদ সংশোধিত কাঠামোয় ভিসা দেওয়া শুরু করা সম্ভব হবে।
নতুন ব্যবস্থায় ভিসার প্রধান বিভাগগুলো হলো - ব্যবসায়িক, কূটনৈতিক, কর্ম, সাংবাদিক, চিকিৎসা, দাপ্তরিক, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ।
বিবিধ ভিসার আওতায় থাকবেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাদের স্বামী বা স্ত্রী ও সন্তান এবং দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল ব্যক্তিরা। এছাড়া অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে আসা ব্যক্তি, ভারতে থাকার ভিসার আবেদনকারী আফগান নাগরিক এবং প্রতিবেশী দেশগুলোর নাগরিকদের জন্য নির্দিষ্ট কিছু দীর্ঘমেয়াদি ভিসাও এই বিভাগের অন্তর্ভুক্ত হবে।