ভালোবাসার সম্পর্কে হারিয়ে যাওয়া বিশ্বাস ফেরানোর উপায়

বিশ্বাস ও আনুগত্যকে যেকোনো ভালোবাসার সম্পর্কের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। তবে জীবনের চড়াই-উতরাইয়ে কখনো কখনো সম্পর্কে বিশ্বাসভঙ্গের মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। বিশ্বাসকে বলা হয় কাঁচের মতো। কাঁচ একবার ভেঙে গেলেও জোড়া লাগানোর পর যেমন তাতে ফাটা দাগ থাকে, তেমনি বিশ্বাসে একবার আঁচড় লাগলে তা শত চেষ্টায়ও আগের অবস্থায় ফেরানো  যায় না।

অনেক ক্ষেত্রে অনিচ্ছায় কিংবা ভুল বোঝাবুঝির কারণেও বিশ্বাস ভঙ্গের মতো পরিস্থিতি হতে পারে। বিশ্বাস এমন এক বিষয়, একবার ভেঙে গেলে আগের জায়গায় নিতে অনেক কাঠখড় পোড়াতে হবে। অনেক সময় হিমালয় পাড়ি দিয়েও ভেঙে যাওয়া বিশ্বাস পুনরায় অর্জন করা সম্ভব হয় না।

তবুও পারস্পরিক বোঝাপড়া এবং দায়বদ্ধতা থাকলে সম্পর্কে হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু সম্পর্কে বিশ্বাসকে আগের অবস্থায় নিয়ে যেতে হলে যার পক্ষ থেকে ভুল, তাকেই বেশি উদ্যোগী হতে হবে। চলুন তাহলে দেখে নিই কী কী উপায়ে ভালোবাসার সম্পর্কে ভেঙে যাওয়া বিশ্বাস জোড়া লাগানো সম্ভব-

খোলাখুলি আলোচনা

সম্পর্কের বিশ্বাস ভেঙে যাওয়ার পরিস্থিতিতে দুই পক্ষের অবস্থান ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবেই বিপরীতমুখী হয়। তবে এ ধরনের পরিস্থিতিতে একসঙ্গে বসে সব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত। এক্ষেত্রে সমস্যাটি যেমন সহজে বের করা যায়, তেমনি সমাধানও হয় কার্যকর। এমনকি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর বিষয়টিও অনেকাংশেই নিশ্চিত হয়।

ক্ষমা চাওয়া

সম্পর্কে আস্থার জায়গাটিকে নতুন জীবন দিতে সবার আগে প্রয়োজন নিজের ভুলের জন্য দায়িত্ব নেওয়া। কারণ এতে প্রতিকূল পরিস্থিতি অনেক সহজেই মোকাবিলা করা যায়। ভুল হলে সেটির জন্য ক্ষমা চাওয়ার মধ্যে ছোট হওয়ার কিছু নেই। সম্পর্কে হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে নিজের ভুল স্বীকার, ক্ষমা চাওয়া এবং ভুলের পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

স্বচ্ছতা রাখুন

সুস্থ সম্পর্কের ক্ষেত্রে অন্যতম চাবিকাঠি হলো স্বচ্ছতা। আর বিশ্বাসভঙ্গের মতো হৃদয়বিদারক পরিস্থিতিতে স্বচ্ছতার প্রয়োজনীয়তা আরও বেশি। নিজেদের অবস্থান নিয়ে অপর পক্ষের সামনে স্বচ্ছতা রাখলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে নেতিবাচকতা থেকে উত্তরণ সম্ভব।

প্রতিশ্রুতি অনুসরণ

সম্পর্কে হারানো বিশ্বাস ও আস্থার আগের জায়গা তৈরিতে সঙ্গীর কাছে বিভিন্ন প্রতিশ্রুতি করতে হতে পারে। খেয়াল রাখতে হবে, সেই সব প্রতিশ্রুতি যেন ফাঁকা বুলি না হয়ে যায়। সঙ্গীকে কোনো প্রতিশ্রুতি দিলে অবশ্যই সেটি রক্ষা করা উচিত। মুখের কথা ও কাজের মিল থাকলে সঙ্গীর কাছে বিশ্বাস এবং নির্ভরতা অনায়াসে তৈরি হয়।

বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া

অনেক সময় কোনো সম্পর্কে হারিয়ে কিংবা ভেঙে যাওয়া বিশ্বাস ফেরানোর সব চেষ্টাই বিফলে যায়। যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হবে, তখন সমাধানের জন্য কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।