ভালোবাসা দিবস কাটুক জেলখানায়!

ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার বিশ্ব মাতবে প্রেমে। ভালোবাসা দিবসকে ঘিরে নানা পরিকল্পনা করেন যুগলরা। বিশ্বের বিভিন্ন দেশের হোটেল, রেস্তোরা, রিসোর্টগুলোও ভালোবাসা দিবস উপলক্ষে করে থাকে নানা আয়োজন।

তবে এবার ভালোবাসা দিবস উপলক্ষে ভিন্নধর্মী এক আয়োজনের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ড জেল কর্তৃপক্ষ। যুগলদের জন্য জেলকক্ষে বসে ডেটিং ও ডিনারের সুযোগ দিচ্ছে জেলখানাটি।

তবে এটিকে এখন আর চালু জেলখানা নয়। হাজার বছরের পুরোনো জেলখানাটি এখন বদলে পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। ১৪ ফেব্রুয়ারি সেখানেই যুগলদের বিশেষ খাবার পরিবেশন করা হবে।

১৭৮৫ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই জেলখানায় কয়েদিদের বন্দি করে রাখা হত। এরপর সেটিকে পর্যটন ও শিক্ষাকেন্দ্রে রুপান্তর করা হয়।

ভালোবাসা দিবসের বিশেষ প্যাকেজে যুগলরা তাদের পছন্দমতো যেকোনো আসামির জেলকক্ষে বসে ডেট সারতে পারবেন। সঙ্গে থাকবে সেট মেন্যু। এজন্য খরচ করতে হবে ২১৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা)।

সেট মেন্যুতে থাকবে স্টার্টার, মেন কোর্স। আর শেষপাতে থাকবে হোয়াইট চকোলেট মুজ কেক ও স্পঞ্জ কেক। থাকবে মদ্যপানের ব্যবস্থাও। নিরামিষ ও আমিষ দুই ধরনের খাবারই পাবেন গ্রাহকেরা।

যুগলদের জন্য জেলকক্ষে বসে ডেটিং ও ডিনারের সুযোগ থাকছে/সংগৃহীত

জেলকক্ষের ভেতরে গোলাপ দিয়ে সাজানো টেবিল, অন্ধকারচ্ছন্ন ঘরে মোমবাতির রোশনাইয়ের মাঝে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন যুগলেরা।

ভালোবাসা দিবসে যেসব যুগল রোমাঞ্চকর কিছু করতে চান তাদের জন্য এটি চমৎকার একটি সুযোগ বলে মন্তব্য করছেন অনেকেই। আবার কেউ কেউ তো রসিকতা করে প্রেমে পড়া বা বিয়ে করাকে জেলখানার সঙ্গে তুলনা করেন। তাদের জন্যও প্রতীকী অর্থে জেলখানায় বসে ডেটিংয়ের একটি ভালো সুযোগ হতে পারে এটি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট