“উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী” বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফজলুর রহমানকে দেওয়া নোটিশে বলা হয়েছে, আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহিদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন।
এতে আরও উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে বিএনপির সাড়ে চার শর বেশি নেতা-কর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন।
কারণ দর্শানোর নোটিশে আরও বলা হয়, এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে ফজলুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “আমাকে নোটিশ দেওয়ার কথা শুনেছি। কিন্তু নোটিশটা হাতে পাইনি। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।”