সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (এপ্রিল) বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। দলের পক্ষ থেকে ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আর ফরমের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।

এসময় মনোনয়ন ফরম নিতে আসা উপস্থিত নারীদের রিজভী বলেন, “বিগত ১৬-১৭ বছরের আন্দোলনে আপনাদের ভূমিকা, দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার দক্ষতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে।”

এর আগে, আগামী ১২ মে ভোটের দিন ধার্য করে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থী হতে মনোনয়ন দাখিল করা যাবে ২১ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে ইসি সচিব জানান, বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ৫০টি।