'জিয়া পরিষদের নামে ব্যক্তি স্বার্থে দোকান খুলবেন না'  

জিয়া পরিষদের নামে ব্যক্তি স্বার্থে ‘দোকান’ না খুলে বরং জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২ মে) দুপুরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। 

মির্জা ফখরুল আরও বলেন, ‌‌‌‌‌‌"বিএনপির অনেক অঙ্গ ও সহযোগী সংগঠন। নতুন করে আরেকটি সহযোগী সংগঠনের প্রয়োজন নেই বরং জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার।" সরকার পরিচালনায় এসে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি দেখতে পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সামনে এগিয়ে যাওয়ার পথে এসব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‌"সততা ছাড়া ভালো কাজ সম্ভব নয়। দেশে এমন একটি সংস্কৃতি তৈরি হয়েছিল যেখানে তদবির ছাড়া কাজ হতো না। কেউ কেউ ভাইস চ্যান্সেলর হওয়ার জন্যও তদবির করেছেন, যা দুঃখজনক।" ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'জুলাই সনদ ও সংবিধান নিয়ে আলোচনা হওয়া ভালো, তবে রাজনৈতিক স্বার্থে এসবের ব্যবহার করা উচিত নয়।' 

তিনি জানান, জুলাই সনদের বিভিন্ন বিষয়ে বিএনপি মতামত দিয়েছে এবং কিছু ক্ষেত্রে ভিন্নমতও জানিয়েছে। উচ্চকক্ষে পিআর পদ্ধতি ও সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে তারা একমত নয়। সবকিছু সংসদের মাধ্যমেই হওয়া উচিত বলে মত দেন তিনি। সংস্কার প্রশ্নে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী। 
তিনি বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে- বিএনপি সংস্কার চায় না, অথচ বিএনপিই সংস্কারের পথিকৃৎ। জিয়াউর রহমান প্রথম সংস্কার এনেছিলেন।" 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।