ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান জুলাই আন্দোলনের সময়ের একটি স্মরণীয় ছবি ও বাবাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।
মঙ্গলবার (৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি আন্দোলনের সময় বাবা-ছেলের সংগ্রাম, আত্মগোপনের জীবন এবং বাবার সাহসিকতার স্মৃতিচারণ করেন।
পোস্টে মেহেদি হাসান লিখেছেন, জুলাই আন্দোলনের সময় তিনি ও তার বাবা, দুজনেই আত্মগোপনে ছিলেন। তৎকালীন সরকারের আমলে দায়ের করা মামলার কারণে কেউই বাসায় থাকতে পারেননি। প্রতিনিয়ত মৃত্যুঝুঁকি ও গ্রেপ্তারের আশঙ্কা থাকলেও তার বাবা কখনো তাকে পিছু হটতে বলেননি। বরং সাহস জুগিয়েছেন এবং আন্দোলনে সক্রিয় থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি জানান, আন্দোলনের এক পর্যায়ে মিছিলে বাবা-ছেলের দেখা হয়। সে সময় তার বাবা তাকে বলেন, ‘‘আর কিছুটা সময়ের অপেক্ষা, হাসিনার (ফ্যাসীবাদের) সময় শেষ। তুমি ভয় পাবা না আব্বু। সাবধানে থেকো, গ্রেপ্তার এড়িয়ে চইলো।’’ এরপর তাকে জড়িয়ে ধরে বিদায় নেন এবং দুজনই নিজ নিজ দায়িত্ব পালনে মিছিলে অংশ নেন।
মেহেদি হাসান আরও উল্লেখ করেন, সেই মুহূর্তে তোলা বাবা-ছেলের একটি ছবি "বাবা ও ছেলের সাহসের সমষ্টি ৭১" শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার দাবি, ছবিটি আন্দোলনপন্থী ছাত্র-জনতাকে অনুপ্রাণিত করেছিল। একই সঙ্গে ছবিটি ভাইরাল হওয়ার পর তাঁদের পরিবারের ওপর হয়রানি ও চাপ আরও বেড়ে যায় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি জানান, তার বাবা খিলক্ষেত থানা কৃষকদলের সাবেক সহ-সভাপতি এবং দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসীবাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিলেন। বাবার আদর্শ ও সংগ্রাম থেকেই তিনি রাজনীতিতে আসার অনুপ্রেরণা পেয়েছেন বলেও উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে মেহেদি হাসান লেখেন, "ভালোবাসি আব্বু তোমাকে।"