আওয়ামী লীগ ফিরে এলে বিএনপির নেতাকর্মীদের পাটক্ষেতে ঘুমাতে হবে উল্লেখ করে জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। মাত্র ৬ মাস পার হলো না, সেই আওয়ামী লীগের প্রতি এতো মায়া কেন? আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বিএনপির নেতাকর্মীদের পাটক্ষেতে ঘুমাতে হবে।”
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, “গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ঠিকই, তবে নানাবিধ ষড়যন্ত্র এখনো চলছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। ভোটের জন্য যদি রাজপথে ডাক আসে, তাহলে আবার রাজপথে নামতে হবে।”
নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী ভুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা কৃষকদলের সভাপতি বিলাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সালথা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।