বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করলো ফিফা

বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ফিফা। হালনাগাদ নীতিমালা অনুযায়ী, কোনো ধরনের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে জানায়, মে মাস পর্যন্ত ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে দর্শকদের সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল বহনের অনুমতি ছিল। তবে সাম্প্রতিক হালনাগাদ নির্দেশিকায় সেই অনুমতি প্রত্যাহার করা হয়েছে।

ফিফার নতুন আচরণবিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামের ভেতরে আনা যাবে না। সংস্থাটির দাবি, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো ধরনের ঝুঁকি ও সম্ভাব্য আঘাত এড়াতে স্টেডিয়ামে পানির বোতল বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে কিছু ভেন্যুতে আগে থেকেই এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর ছিল। এবার তা সব স্টেডিয়ামে সম্প্রসারণ করা হচ্ছে।

তবে দর্শকদের জন্য স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি কেনার সুযোগ থাকবে। পাশাপাশি কৃত্রিম কুয়াশা তৈরির যন্ত্র, ফ্যান, পানি পানের ব্যবস্থা এবং কুলিং টেন্টসহ বিভিন্ন তাপ নিয়ন্ত্রণ সুবিধা রাখা হবে বলে জানিয়েছে ফিফা। সংস্থাটির দাবি, স্টেডিয়ামে পানির দাম অন্যান্য বড় ইভেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। তীব্র গরমে দর্শকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়ে বিশেষজ্ঞদের সতর্কতার মধ্যেই ফিফা এই নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিল।