শনিবার (৬ জুন) টেক্সাসে অনুষ্ঠিত বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে।
ম্যাচে লাউতারো মার্তিনেস ও জিউলিয়ানো সিমিওনে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল আর্জেন্টিনার।
লিওনেল মেসি বেঞ্চে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ লিওনের স্কালোনি। ২৪ মে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর বিশ্বকাপের গ্রুপ পর্বের জন্য মেসিকে পুরোপুরি ফিট করে তুলতেই তাকে বিশ্রাম দেওয়া হয়।
ম্যাচের প্রথমার্ধ থেকেই বল দখলে রেখে প্রতিপক্ষকে চেপে ধরে আলবিসেলেস্তেরা। শুরুর দিকেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তারা। তবে জিওভানি লো চেলসোর দূরপাল্লার শটটি ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় দলকে। অবশ্য সেই ধাক্কা সামলে উঠতে বেশি সময় লাগেনি। ফিরতি বল ধরে ডি-বক্সে ঢোকার মুখে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে বল জালে জড়ান লাউতারো মার্তিনেস। পরবর্তীতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
৫৪তম মিনিটে আর্জেন্টিনা ব্যবধান দ্বিগুণ করে। মার্টিনেজের বুদ্ধিদীপ্ত ব্যাকহিল পাস থেকে সিমিওনে বল পেয়ে জোরালো শটে হন্ডুরাস গোলরক্ষক এডরিক মেনজিভারকে পরাস্ত করেন।
দ্বিতীয়ার্ধে হন্ডুরাস প্রায় মাঝমাঠই পার হতে পারেনি। আর্জেন্টিনা পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, তরুণ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলেও দলের নিজস্ব খেলার ধরণ ও পরিচয় অটুট রয়েছে। হয়তো আরও ভালো খেলা সম্ভব ছিল। কিন্তু দলের স্বকীয়তা ও পরিচয়ের দিক থেকে আমি মনে করি সেটি অক্ষুন্ন রয়েছে, আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেটাই ধরে রাখতে চাই, যাতে এই পরিচয় হারিয়ে না যায়।”
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আগামী মঙ্গলবার আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
অন্যদিকে, চোটের কারণে দলের শক্তি কমেছে কিছুটা। রক্ষণভাগের অন্যতম ভরসা লিওনার্দো বালেরদি ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন, যা স্কালোনির পরিকল্পনায় বড় ধাক্কা। লিসান্দ্রো মার্টিনেজ হাঁটুতে অস্ত্রোপচারের পর ফিরে এসে মাত্র ১৯টি ম্যাচে ১৩১০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। এর আগে স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, মেসি প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে স্বল্প সময়ের জন্য খেলতে পারেন। সে ক্ষেত্রে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা বেশি।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।