জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এসময় আর্জেন্টিনাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
শুরু থেকেই ম্যাচটিতে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। প্রথমদিকে কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। ধারাবাহিক আক্রমণে একের পর এক গোল দিয়ে দাপুটে জয় নিশ্চিত করে।
খেলার আয়োজক ছিলেন ক্রীড়া সংগঠক খলিলুর রহমান নয়ন, আমিরুল ইসলাম আমির ও রকিকুল ইসলাম। তারা জানান, বর্তমান সময়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে মাদক, জুয়া ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব।
এমন ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।