কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার একটি সড়কে এ ঘটনা ঘটে। ঘটটনার পর রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
ধর্ষণের এ ঘটনায় রবিবার দুপুরে থানায় মামলা করেছেন ওই নারীর স্বামী। মামলায় ওাই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ভেড়ামারার মসলেমপুর গ্রামের কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ গ্রামের মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলি (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ (২৪) ভেড়ামারা উপজেলার একটি খাবার হোটেলে রান্নার কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষ করে স্বামীর সঙ্গে একটি ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ছয়-সাতজন ব্যক্তি ভ্যানের গতিরোধ করে। তারা ভ্যানচালক ও গৃহবধূর স্বামীকে মারধর করে। স্বামীকে মারধরের পর তাকে বেঁধে রাখা হয়। পরে সড়কের পাশে একটি লিচুবাগানে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে। একইসঙ্গে ঘটনার শিকার নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নেয়।
কুষ্টিয়ার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, “প্রাথমিক তদন্তে তিনজন ওই গৃহবধূকে ধর্ষণ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গৃহবধূকে হাসপাতালে নেওয়া হয়েছে। আসামিদের আদালতে নেওয়া হবে। থানায় মামলা হয়েছে। আরও যারা জড়িত, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”



