Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বহিষ্কারের পর আবার চাঁদাবাজি, যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

গত বছরের ১০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফের প্রাথমিক সদস্যপদ ও সব পদ থেকে বহিষ্কার করা হয়

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম

পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে (৪৮) চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের আবাসিক “বিলাস হোটেল” থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল ‍শুক্রবার সকালে পিরোজপুর সদর থানায় বালু ব্যবসায়ী জুয়েল শেখ চাঁদাবাজির অভিযোগে মারুফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম মারুফকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মারুফ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। এ কারণে ওই বছরের ১০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের শীর্ষ তিন নেতা ও ভান্ডারিয়া উপজেলার যুবদলের নেতাসহ তাদের প্রাথমিক সদস্যপদ ও সব পদ থেকে বহিষ্কার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মারুফ পোদ্দার সম্প্রতি জুয়েল শেখ ও তার ব্যবসায়িক সহযোগী রিপনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি প্রতি মাসে ১ লাখ টাকা চাঁদা দেওয়ার কথাও বলেন। চাঁদা না দেওয়ায় তাদের মারধর ও খুনজখমের হুমকি দেন। ৫ আগস্ট দুপুরে মারুফের নেতৃত্বে মিরন, মিলনসহ কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে শহরের বলেশ্বর ব্রিজসংলগ্ন জুয়েলের মালিকানাধীন “মেসার্স রুমু এন্টারপ্রাইজ”-এর সামনে গিয়ে চাঁদা দাবি করেন। অস্বীকার করায় মারুফ হকস্টিক দিয়ে জুয়েলকে পেটাতে থাকেন। রিপন বাধা দিলে তিনিসহ অন্যরা লাঠি ও রড দিয়ে দুইজনকে মারধর করেন। পরে জুয়েল অফিসে ঢুকে দরজা বন্ধ করলেও মারুফ ও তার সহযোগীরা ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে পেটাতে থাকেন। এ সময় তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যান এবং দাবি করা চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দেবেন না বলে হুমকি দেন।

এই বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক যুবদল নেতা মারুফ হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x