নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আগামীকাল রবিবার আবার মাসব্যাপী এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি।
শনিবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলোকে ভর্তুকি মূল্যে পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি কার্ড নেই, এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামীকাল ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩০ দিন (শুক্রবার ছাড়া) এ বিক্রয় কার্যক্রম চলবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় চারটি, পটুয়াখালী জেলায় পাঁচটি ও বাগেরহাট জেলায় পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি। এসব মহানগরী ও জেলায় আগামীকাল ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৯ দিন (শুক্রবার ছাড়া) পণ্য বিক্রি করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ট্রাকে ৫০০ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।



