Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়াকাটায় ধরা পড়া বিরল প্রজাতির ‘অ্যাঞ্জেল ফিশ’ নিয়ে হইচই

রবিবার সকালে মহিপুর বন্দরে আনার পর মাছটি দেখে বন্দরে হইচই শুরু হয়ে যায়

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৬:০৮ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে “এম্পারর অ্যাঞ্জেল ফিশ” নামের একটি বিরল প্রজাতির মাছ। এটি অনেকের কাছে “এ্যাকুরিয়াম ফিশ” নামেও পরিচিত।

সোমবার (৪ আগস্ট) আনোয়ার মাঝির জালে মাছটি ধরা পরে। রবিবার সকালে মহিপুর বন্দরে আনার পর মাছটি দেখে বন্দরে হইচই শুরু হয়ে যায়।

মাছটি দেখতে রঙিন ও দৃষ্টিনন্দন। জানা গেছে, মাছটির বৈজ্ঞানিক নাম “পোমাক্যান্থাস ইম্পেরেটর”। মাছটির আকার ১৬ ইঞ্চির মতো। গায়ের গাঢ় নীল পটভূমিতে হলুদ অনুভূমিক দাগ, মুখে নীল-কালো মাস্ক প্যাটার্ন।

জেলে আনোয়ার মাঝি বলেন, “এক সপ্তাহ আগে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ট্রলার নিয়ে মাছ ধরার জন্য তিনি সমুদ্রে যান। জাল ফেলে তিনি অপেক্ষা করছিলেন। পরে জাল টেনে তোলার পর দেখা যায়, ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এম্পারর অ্যাঞ্জেল ফিশ ধরা পড়েছে।”

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোবহান শিকদার বলেন, “এমন মাছ জীবনে দেখিনি। মাছটি দেখতে অবিকল একুরিয়ামে থাকা মাছের মতো। বাসার সবাইকে দেখানোর জন্য মাছটির কয়েকটি ছবি তুলে নিয়েছি।”

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির আকন বলেন, “প্রথম দেখে মাছটিকে আমি বাসায় নিয়ে এসেছি। তবে এ জাতীয় মাছ এই প্রথম দেখলাম। মাছটি খাওয়া যায় কি-না সে বিষয়ে জানা নেই।”

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, মাছটির বাংলা নাম অ্যাঙ্গেল ফিশ। রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চলে।

তিনি আরও বলেন, “মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে। বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর ধরা পড়ে না। কারণ আমাদের উপকূলীয় অংশ মূলত কাদামাটি ও বালুময়। প্রবাল প্রাচীর তেমন নেই।”

তবে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে আন্দামান সাগর সংলগ্ন, মিয়ানমার উপকূলের কাছাকাছি কিছু প্রবাল প্রধান এলাকা আছে বলে জানান এই কর্মকর্তা। বখতিয়ার রহমান আরও বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ও স্রোতের ধরণ বদলের কারণে কিছু সামুদ্রিক প্রজাতি তাদের আবাসক্ষেত্র প্রসারিত করছে। এর কারণে হয়তো এই প্রজাতিটি বাংলাদেশের জেলেদের জালে ধরা পরেছে।”

মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “মাছটির নাম অ্যাঞ্জেল ফিশ। এটি বিরল প্রজাতির মাছ। মাছটি উপকূলে সচরাচর দেখা যায় না। মাছটি গভীর সমুদ্রের। বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে এটি জালে উঠে এসেছে। এসব মাছ যত বেশি ধরা পড়বে জেলেরা অর্থনৈতিকভাবে তত লাভবান হবেন।”

   

About

Popular Links

x