দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১০২ জনের মৃত্যু হলো। এ ছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০২ জনই ঢাকার বাইরের।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯৩ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আট জন, রাজশাহী বিভাগে ৫৩ জন ও সিলেট বিভাগে দুইজন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০২ জন, যাদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৩ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৪,৬১৭ জন, যার মধ্যে ১৪,৪৬২ জন পুরুষ ও ১০,১৫৫ জন নারী। গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ২৩,২৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।



ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়ালো