Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধান উপদেষ্টা: নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রস্তুত

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে’

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম

নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি।”

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রবাসীদের উদ্দেশে মুহাম্মদ ইউনূস বলেন, “আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রস্তুতি নিচ্ছেন।”

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে “নাগরিক সেবা বাংলাদেশ” উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x