১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন শিল্পী, সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার এসব তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তাদের ছবিযুক্ত ব্যানার ঝুলিয়ে এই কর্মসূচি পালন করে চব্বিশের অভ্যুত্থানের পর গঠিত বিপ্লবী ছাত্র পরিষদ।
লাল ব্যানারে সাকিব খান, স্বাধীন খসরু, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, কচি খন্দকার, সাজু খাদেম, সুমন আনোয়ার, শমী কায়সার, অরুণা বিশ্বাস, পারসা, মেহজাবিন, নাজিফা তুষি, আরশ খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, জাহের আলভি, মুমতাহিনা টয়া, সুনেরাহর ছবি রয়েছে।
এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান, গায়ক রাহুল আনন্দ, লিঙ্কন (আর্টসেল), উপস্থাপক আব্দুন নূর তুষার, পিয়া জান্নাতুল, সাংবাদিক ফারাবি হাফিজসহ অনেকের ছবি রয়েছে সেখানে। ব্যানারে লেখা হয়েছে, “কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন।”
কর্মসূচি চলাকালে শেখ মুজিবুর রহমানের ছবিতেও জুতা নিক্ষেপ করা হয়। এ সময় স্লোগান ওঠে- “জয়া আহসানের দুই গালে, জুতা মারো তালে তালে”, “চঞ্চলের দুই গালে, জুতা মারো তালে তালে”, “শাকিব খানের দুই গালে, জুতা মারো তালে তালে”।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “গতকালকে (শুক্রবার) আমরা দেখেছি, তথাকথিত সেলেব্রেটিরা আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করার জন্য মুজিব বন্দনায় ও শোকে নেমেছিল। অথচ ২০২৪ এর ১৫ অগাস্ট কোনো ‘টু’ শব্দও করেনি, যেহেতু ৫ অগাস্ট বাকশালী মুজিবের কন্যা খুনি হাসিনা পালিয়েছিল। সেদিনই আওয়ামী লীগের নিশানা শেষ হয়ে যায়। এখন আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার জন্য নতুন করে মুজিবকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। অথচ এই মুজিবকে দিয়েই তারা ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠা করেছিল। ‘ভালো মুজিব’ বলতে কিছু নাই, তাকে হত্যা না করলে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়া যেত না।”



