Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যানা যাবে যেভাবে

শিক্ষার্থীদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভর্তি আবেদনের সুযোগ রাখা হয়েছে

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:১৮ পিএম

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এদিকে, ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশের ঘোষণার সঙ্গে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজ পেয়েছেন, তাদের নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।

ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, রেজিস্ট্রেশন ফি বা নিশ্চায়ন ফি দেওয়ার জন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদের মধ্যে যে কোনো একটি থেকে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পদ্ধতির বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফলাফল জানা যাবে যেভাবে 

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভর্তি রোল দিয়ে ফলাফল দেখতে পারবে। 

প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীরা (https://www.xiclassadmission.gov.bd/) ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন। ফলাফলে নির্ধারিত কলেজ বা মাদ্রাসায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়। এ সময়ে আবেদন করেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।

গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাস করেন। পরে ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করেন। সবমিলিয়ে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন।

এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪১১ জন। কারিগরি থেকে এসএসসি পাস করা শিক্ষার্থী ছাড়াই এবার স্কুল-মাদরাসা থেকে এসএসসি ও দাখিল পাস করেছেন ১২ লাখ ৩ হাজার ৮০৭ জন।

সে হিসাবে এসএসসি ও দাখিল পাস করেও একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদন করেননি ১ লাখ ৩০ হাজার ৪৭১ জন।

একাদশে ভর্তি সংশ্লিষ্টরা জানান, পছন্দক্রম ও ফলাফলের সামঞ্জস্য না থাকায় অনেকে কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত হয় না। পাশাপাশি প্রথম ধাপে কিছু শিক্ষার্থী আবেদনও করেন না। তাই দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভর্তি আবেদনের সুযোগ রাখা হয়েছে।

   

About

Popular Links

x