Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:৩০ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১১ জন ডেঙ্গু রোগী।

মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এর মধ্যে ঢাকায় তিনজন এবং রাজশাহী বিভাগে দুইজন মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মারা গেলেন ১১০ জন। এর আগে গত ২৩ জুলাই ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি ৯৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের হার ঢাকায়। নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৯ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৮.২% পুরুষ এবং ৪১.৮% নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭,৭৮২ জন। তাদের মধ্যে গত একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩১৫ জন। আর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১,২৯৩ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় রয়েছেন ৪৪০ জন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১০ জনের। এর মধ্যে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন এবং জুন মাসে ১৯ জন, জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়। মার্চে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

   

About

Popular Links

x