Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরিফ-তৌহিদের নেতৃত্বে জাকসুতে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল ঘোষণা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখার নেতা-কর্মীর সমন্বয়ে এই প্যানেল গঠিত হয়েছে

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:০৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে “শিক্ষার্থী ঐক্য ফোরাম” ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখার নেতা-কর্মীর সমন্বয়ে এই প্যানেল গঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শদিদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন সংগঠনটির সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।

প্যানেলে সহ-সাধারণ সম্পাদক (ছেলে) পদে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আয়ান, সহ-সাধারণ সম্পাদক (মেয়ে) পদে মালিহা নামলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মাজিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে রাঈদ হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (বৈশাখী), সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে সাবিকুন্নাহার (পলি), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রিং ইয়ং মুরং (রুশদ), তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সফিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবীব, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে নাদিয়া রহমান অন্বেষা, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে কাজী মেহরাব (তুর্য), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে নাসিম আল তারিক, পরিবহন ও যোগাযোগ সাম্পাদক মো. নাহিদ হাসান (ইমন) নির্বাচন করবেন।

এছাড়াও কার্যকরী সদস্য পদে নারীদের জন্য নির্ধারিত পদে নির্বাচন করবেন পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু, আফিয়া ইবনাত সামিহা। আর কার্যকরী সদস্য পদে ছেলেদের জন্য নির্ধারিত তিনটি পদে নির্বাচন করবেন সাদাত হানে ইসলাম, জ্বামীন আহমেদ ও মোহাম্মদ আলী চিশতি।

সার্বিক বিষয়ে সহ-সভাপতি প্রার্থী আরিফুজ্জামান বলেন, “আমাদের প্যানেলে অন্যকোনো রাজনৈতিক দলের সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের যেসব সচেতন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অন্যসব শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করাসহ গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য করেছেন এবং ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় সংস্কারসহ বিভিন্ন আন্দোলনে সম্মুখসারিতে থেকে কাজ করেছেন আমরা তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি।

প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে বাগছাসে বিভক্তি

এদিকে, প্যানেল ঘোষণার পূর্বে সংগঠনটির এক নেতার পদত্যাগ ও আরেক নেতার পদত্যাগের হুমকির ঘটনায় সংগঠনের ভেতরে দ্বন্দ্ব ও অসন্তোষ  প্রকাশ্যে এসেছে।

গত বুধবার (২০ আগস্ট) রাতে সংগঠনটির জাবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এ বিষয়ে নাজমুল বলেন, “দলের কিছু প্রভাবশালী নেতা ত্যাগীদের অবমূল্যায়ন করছেন। প্যানেল গঠনে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে। ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে।”

এছাড়া, নাজমুলের পাশাপাশি পদত্যাগের হুমকি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আলম আরমানও। বাগছাসের এই নেতার দাবি, জাকসু নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন গতি আনতে চান। কিন্তু যোগ্য হওয়ার পরেও কয়েকজন ত্যাগী কর্মীকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম বলেন, “সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী যারা যোগ্য ও প্রতিনিধিত্বের উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন, তাদেরকেই প্যানেলে রাখা হয়েছে। এখানে ব্যক্তিগত স্বার্থ বা স্বজনপ্রীতির কোনো জায়গা নেই। আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা।”

   

About

Popular Links

x