Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে

ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠক শে‌ষে মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন ইসহাক দার

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২:৪৫ পিএম

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ব‌লে‌ছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু এর আগে দুবার সমাধান হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ দাবি করেন তি‌নি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রেন সাংবা‌দিকরা।

প্রশ্নের জবা‌বে ইসহাক দার ব‌লেন, “১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির নিষ্পত্তি হয়েছে। আর ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে ও খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে।”

তি‌নি আরও বলেন, “আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

এদিকে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধের জন্য ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানির প্রত্যাবাসন, সম্পদের হিস্যা, ১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তানের ঘূর্ণিঝড়ের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা পরিশোধের মতো বিষয়গুলোর সুরাহা করা জরুরি বলে মনে করে ঢাকা। বৈঠকে এই বিষয়গুলো বাংলাদেশের তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের উপস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ), একটি কর্মসূচি (প্রোগ্রাম) সই হয়েছে।

প্রসঙ্গত, শনিবার দুইদিনের সফরে ঢাকায় আসেন ইসহাক দার। এদিন বেলা ২টার দিকে পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম।

   

About

Popular Links

x