ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২৯ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।
এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে “আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান” শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে “মঞ্চ ৭১”।
জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারীরা অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী এলে তাকে ঘিরে ফেলে এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
গোলটেবিল বৈঠকের অংশগ্রহণকারীদের ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ এসে তাদের নিয়ে যায়। রাতে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে একটি মামলাটি করে।
অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন ও আইনজীবী জেড আই খান পান্নার।



‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক