জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি নিয়ে এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম।
এছাড়া অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই। তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “শিরীন শারমিন চৌধুরীর আর কোনো মামলায় আটকাদেশ নাই। আমরা জামিননামা দাখিল করব। আজ অথবা কালই তিনি কারামুক্ত হবেন বলে আশা করছি।”
আসামির পক্ষে জামিন চেয়ে শুনানিতে আইনজীবী ইবনুল কাওসার বলেন, “মামলায় শিরীন শারমিন চৌধুরী সম্পর্কে একটা শব্দও নাই। এজাহারে শুধু তার নামটায় আছে। তার কোয়ালিফিকেশন সম্পর্কে সবাই জানেন।”
এ আইনজীবী বলেন, “তিনি অসুস্থ, মৃত্যু পথযাত্রী। ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো ট্রিটমেন্ট নিতে পারেননি। আত্মগোপনে ছিলেন। ২০১৬ সালে তিনি হার্টঅ্যাটাক করেন। ৬ মাস পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয়।”



