Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

যশোরের চৌগাছায় আরএস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম

যশোরের চৌগাছায় তেল পাম্পে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন আরএস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের সিরিয়াল নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুতই দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত হয়ে যুবদল নেতা রিয়াদ,  কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, “যারা মারামারিতে জড়িয়েছে; তারা কেউ আমাদের দলের পদধারি নেতা নয়। তারা কর্মী। ছোট ঘটনা।” সাংবাদিকরা তিলকে তাল করছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান সাংবাদিক পরিচয় শুনে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বলেন, “বিষয়টি দু পক্ষের ভুল বোঝাবুঝি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x