চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন প্রপাগান্ডা’ ও ‘গুজব’ হিসেবে আখ্যায়িত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনো ধরনের যাচাই-বাছাই না করেই এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদান করায় এনসিপির কঠোর সমালোচনা করেছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি-এর বিবৃতির প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী তার পোস্টে স্পষ্ট করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়ানো প্রশ্ন ফাঁসের দাবিটি সঠিক নয়। তিনি লিখেন, “কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”
২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি হতাশা ব্যক্ত করে ড. এহছানুল হক মিলন বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেয়া তরুণদের রাজনৈতিক দল, এনসিপির পক্ষ থেকে কোনো রকম ফ্যাক্টচেক না করেই সম্পূর্ণ ভিত্তিহীন প্রপাগান্ডার বিষয়ে এ ধরনের বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয়, বরং নিদারুণ হতাশাজনক।”
উল্লেখ্য, এর আগে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটি গুজব অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই সময় ‘জাতীয় নাগরিক পার্টি’র পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেওয়া হয়েছিল।



