Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রশাসনের শীর্ষ পর্যায়ে সরকারের বড় ধরনের রদবদল

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করা হয়

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং এনটিআরসিএসহ গুরুত্বপূর্ণ ১৫টি সরকারি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন অভিজ্ঞ কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তর ও সংস্থার শীর্ষ পদে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান। এছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নতুন মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন দিল আফরোজ। পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক হয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। এছাড়া গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হিসেবে দেলোয়ার হোসেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল কার্যালয়ে হাসান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রশাসনের কাজে গতিশীলতা ও সমন্বয় বাড়াতেই এই বড় ধরনের রদবদল করা হয়েছে।

   

About

Popular Links

x