বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ করেই পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র ঝড়ো হাওয়া শুরু হয়। বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, যা ফেরি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ দ্রুত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ডিজিএম আব্দুস সালাম জানান, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করছে। ঝড় শুরু হওয়ার পরপরই ফেরিগুলোকে উভয় ঘাটে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরিগুলো ঘাটেই অবস্থান করবে।
এদিকে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের শ্রমিক ও যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথেই অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন পারাপার শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, কালবৈশাখীর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এই অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল হলে নৌ-যোগাযোগ পুনরায় সচল হবে।



