রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে।
শুক্রবার (৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাট অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘এসবি পরিবহন’ নামের বাসটি পন্টুন এলাকায় প্রবেশের সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি নদীতে পড়ে যায়। পরে চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়। বাসে যাত্রীরা ছিলেন না, ফেরিতে ওঠার আগেই তারা নেমে গিয়েছিলেন।
এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনে ৩৭ জন যাত্রী ছিল। এ ছাড়া বাসের তত্ত্বাবধায়ক, সহকারী ও চালকসহ মোট ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভিড়ে। এ সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের বড় ফেরি ছিল।
অপর পকেটে আরেকটি মাঝারি আকারের ফেরি ছিল। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে যানবাহন উঠছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ফেরির র্যামের সঙ্গে আঘাত করে। এ সময় র্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে চলে যায়। বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। শুধু চালক ও তার সহকারী বাসে ছিলেন। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সোহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারান।



