আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা নদীর পাড়ে আয়োজিত এক কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় সাত কোটি মানুষ বা মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ সরাসরি উপকৃত হবেন। তিনি এই প্রকল্পটিকে একটি ‘মাস্টারমাইন্ড প্রজেক্ট’ হিসেবে অভিহিত করে বলেন, অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার নির্বাচিত হওয়ার মাত্র আড়াই মাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।”
প্রকল্পের আর্থিক খসড়া সম্পর্কে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। তবে সামগ্রিকভাবে প্রকল্পটি বাস্তবায়ন করতে মোট ব্যয় ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকার মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ।



