Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

পুলিশ জানিয়েছে, ছায়া তদন্তে মাঠে নেমেছে র‍্যাব ডিবি সিআইডি পিবিআই

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

চট্টগ্রাম থেকে গভীর রাতে কুমিল্লা নগরীতে ফিরে দুর্বৃত্তদের হাতে নিহত হন বুলেট বৈরাগী নামের এক কাস্টমস কর্মকর্তা। ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো হত্যায় জড়িতদের শনাক্ত করতে পারেনি।

তবে পুলিশ বলছে চাঞ্চল্যকর এ ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র‍্যাব, ডিবি, সিআইডি, পিবিআইসহ অন্যান্য সংস্থা।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা।

এর আগে, শনিবার (২৫ এপ্রিল) রাতে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত বুলেট বৈরাগীর মা নীলিমা বৈরাগী।

এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স নেওয়া কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের পার্ক রোডের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সামনে।

এ সময় বুলেট বৈরাগীর বাবা মা ও স্ত্রী উর্মী হিরার কান্না আর আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অফিসের সহপাঠিরা তাদের সমবেদনা জানান। পরে কাস্টমস কমিশনার আবদুল মান্নান সরদার অন্যান্যরা মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কাস্টমস কমিশনার মান্নান সরদার বলেন, “ঘটনা জানার পর আমরা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনা তদন্ত করেছে। আমাদের সহকর্মীর এ অকাল মৃত্যুতে আমরা মর্মামত। কাস্টমস বিভাগ সব সময় বুলেটের পরিবারের পাশে থাকবে।

এর আগে, গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশের রাস্তা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরির সুবাদে তিনি কুমিল্লা নগরীর রাজাগঞ্জ পানপট্টি এলাকার ভুইয়া হেরিটেজ নামের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। ২০২২ সালের ২৩ এপ্রিল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার মেয়ে উর্মির সঙ্গে তার বিয়ে হয়। তাদের অভয় বৈরাগী নামের একবছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। দেড় বছর আগে তার চাকরি হয়। গত ১১ এপ্রিল বিভাগীয় সরকারি প্রশিক্ষণের উদ্দেশে চট্টগ্রামে যান।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে উঠেন। তার কুমিল্লায় বাসার ফেরার কথা ছিল। যাত্রাপথে স্ত্রী ও মায়ের সঙ্গে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার তার কথা হয়।

নিহতের মা নীলিমা বৈরাগী জানান, বুলেট বৈরাগী তার একমাত্র ছেলে। ওই রাতে সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে ছেলে ফোন করে জানায় সে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। পরে রাত আড়াইটার পর তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তিরা কয়েকবার কথা বলেন। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই তার মরদেহ পাওয়ার খবর আসে।

বুলেট বৈরাগীর বাবা সুশীল বৈরাগী বলেন, “কত স্বপ্ন ছিল ছেলেটার। চাকরির সুবাধে কুমিল্লায় ভাড়া বাসায় উঠেছিলাম। আজ বুকের ধন বুলেটের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া বাবুপাড়ায় ফিরে যাচ্ছি। সেখানে তার শেষকৃত্য  হবে।”

   

About

Popular Links

x