Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৫০০ একর জমির ধান পুড়ে ছাই

টাঙ্গাইলে বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নে ৪০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে ৭টি গ্রামের প্রায় ৫০০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের প্রায় ৪০০ কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য চান মিয়া সিকদার গোপাল এবং সমাজসেবক মঞ্জুর আলমসহ অনেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব ঘটনাস্থলে এসে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।

পরিস্থিতি তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে হাদী, আরইউবি ও সান এবং বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া এলাকায় এমএসটি ও এফবিসি ইটভাটা রয়েছে। কয়েক দিন আগে এসব ভাটার আগুন বন্ধ করার পর নির্গত ধোঁয়ার কারণে কোর্টবহুরিয়া, মন্দিরাপাড়া, বুধিরপাড়া, পাহাড়পুর, বহুরিয়া চরপাড়া, কেশবপুর ও সরিষাদাইড় গ্রামের ধানক্ষেতে ব্যাপক ক্ষতি হয় বলে দাবি কৃষকদের।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, প্রায় হাজার একরেরও বেশি জমির ধান নষ্ট হয়েছে। কোর্টবহুরিয়া গ্রামের দরবেশ বলেন, “তিন বছর ধরে ইটভাটার ধোঁয়ায় আমাদের ফসল নষ্ট হচ্ছে, এবারও একই অবস্থা।”

কৃষক মান্না সিকদার, আব্দুল মুন্নাফ, ইন্নছ আলী, আহম্মদ আলী ও আবুল হোসেন জানান, তারা শুধু ক্ষতিপূরণ নয়, সমস্যার স্থায়ী সমাধান চান।

এ বিষয়ে হাদী ইটভাটার মালিক স্বপন মিয়া ও আরইউবি ইটভাটার মালিক ইব্রাহিম মিয়া জানান, তাদের কারণে ক্ষতি হয়ে থাকলে ক্ষতিপূরণ দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন জানান, সরেজমিন তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ইউএনও খান সালমান হাবিব বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হবে।

   

About

Popular Links

x