চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।
রবিবার (৩ মে) সকালে নাচোল-আড্ডা রোডের বেনীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার ইউনিয়নের বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান ও নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে সোহাগ হোসেন।
নিহতরা সম্পর্কে আপন বোন জামাই ও শ্যালক। নিহত জিসান নওগাঁ দুদক কার্যালয়ে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রবিউল ও সোহাগ নাচোলের দিক থেকে মোটরসাইকেলে করে ধানসুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বেনিপুর এলাকায় পৌঁছালে ধানসুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
উদ্ধারকারী ও পুলিশ জানায়, বেনীপুর এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয় মোটরসাইকেলকে। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর পরপরই ট্রাক রেখে পালিয়ে যান চালক। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে নাচোল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



