Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় দড়ি, নিন্দার ঝড়

ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা একে ‘ইতিহাসের অপমান’ হিসেবে অভিহিত করছেন

আপডেট : ০৫ মে ২০২৬, ০৪:২৮ পিএম

টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে বিসিক মেলার স্টল নির্মাণের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। রোববার রাতে মেলার শেষ দিনে ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য শহীদ স্মৃতি পৌর উদ্যানে মেলা ও প্রদর্শনীর আয়োজন করে। গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই মেলার উদ্বোধন করেছিলেন। মেলার জন্য উদ্যানজুড়ে অসংখ্য স্টল নির্মাণ করা হয়। অভিযোগ উঠেছে, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যগুলো আড়াল করেই এসব স্টল তৈরি করা হয়েছিল। মেলার সমাপনী দিনে দেখা যায়, স্টলের কাঠামো ধরে রাখার জন্য টানা দড়িগুলো সরাসরি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় পেঁচিয়ে বাঁধা হয়েছে।

ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা এবং সেই দড়িতে কাপড় ঝোলার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা একে ‘ইতিহাসের অপমান’ হিসেবে অভিহিত করেছেন। উদীচী টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক মীর নাসিমুল ইসলাম ফেসবুকে লিখেছেন, “যাঁরা জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন, তাঁদের গলায় আমরা দড়ি বাঁধছি। এটা শুধু অব্যবস্থাপনা নয়, চরম অবমাননা।” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মেলা কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ শামসুল হুদা এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য আড়াল করে স্টল নির্মাণ করাই অনুচিত ছিল। তার ওপর গলায় দড়ি বাঁধা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে আরও সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিসিক টাঙ্গাইল জেলার সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম জানান, মেলার ৯ দিনের মাথায় কে বা কারা এই কাজটি করেছে তা তাঁদের জানা নেই। তবে বিষয়টি নজরে আসার সাথে সাথেই দ্রুত দড়িগুলো খুলে ফেলা হয়েছে বলে তিনি দাবি করেন।

বীরশ্রেষ্ঠদের স্মৃতির প্রতি এমন চরম অবমাননার ঘটনায় স্থানীয় সচেতন মহল জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

   

About

Popular Links

x