Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের সীমান্তে বিএসএফের ড্রোন, হেফাজতে নিল বিজিবি

বুড়িমারী সীমান্ত থেকে ভারতীয় ড্রোনটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ

আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:২৩ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) দুপুরে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের ৮৪১/৮ নম্বর সাব পিলার এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়। 

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।”  

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোনটি উড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি বাংলাদেশ সীমান্তের ১৫ থেকে ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে। সেখানে কাজ করা এক কৃষক ড্রোনটি দেখতে পান। এরপর বিএসএফ সদস্যরা সীমান্তে জড়ো হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি ক্যাম্পের সদস্যরা ড্রোনটি উদ্ধার করে। 

তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ ফজলে মুনীম আরও জানান, বিএসএফের ৯৮ হিমালয় ক্যাম্প থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছে, তাদের একটি ড্রোন যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশের ভেতরে পড়ে গেছে এবং সেটি ফেরত চাওয়া হয়েছে। 

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।  

 

   

About

Popular Links

x