Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা ১৩ দিনে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

আপডেট : ০৮ মে ২০২৬, ০৩:৩২ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ১৩ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। আগামী ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত এই উন্নয়নকাজ চলবে, যার ফলে প্রতিদিন নির্দিষ্ট এলাকায় ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না। 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখাপ্রশাখা কাটার কাজ করা হবে। এই সংস্কারকাজের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে ১০ থেকে ২৪ মে পর্যন্ত এই সূচি থাকলেও ১৫ ও ২২ মে এই কার্যক্রমের বাইরে রাখা হয়েছে।

এলাকাভিত্তিক বন্ধের সময়সূচি অনুযায়ী, ১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতায় দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচণ্ডী পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১২ মে সুগার মিল ফিডারের আওতায় কাটাখালী বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রূপসীডাঙ্গা, হরিয়ান বাজার, সুগার মিল, মৃধাপাড়া, তেঁতুলতলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৩ মে দেওয়ানপাড়া ফিডারের আওতায় গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৪ মে মেহেরচণ্ডী ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

একদিন বিরতির পর ১৬ মে বনগ্রাম ফিডারের আওতায় হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৭ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় বাংলা ট্রাক, পাহাড়পুর ও কাপাশিয়া তালুকদার বা সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৮ মে কাপাশিয়া ফিডারের আওতায় কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৯ মে বনগ্রাম ফিডারের আওতায় কিসমত কুখণ্ডী, কুখণ্ডী, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ থাকবে না। ২০ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সুচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ২১ মে কাপাশিয়া ফিডারের আওতায় কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ২৩ মে বিহাস ফিডারের আওতায় মাসকাটাদীঘি, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং ২৪ মে পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টানা কয়েকদিন ধরে এই দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের গৃহস্থালি ও দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদের সময় গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং বড় কোনো দুর্ঘটনা এড়াতেই এই আগাম রক্ষণাবেক্ষণমূলক কাজ পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

   

About

Popular Links

x