Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

যাত্রী ভেবে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা

অভিযান চালিয়ে এক চিহ্নিত ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:৫১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ ডাকাত চক্র। এ ঘটনায় অভিযান চালিয়ে এক চিহ্নিত ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রবিউল হোসেন (২৮) উপজেলার সলিমপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মহাসড়কে দীর্ঘদিন ধরে একটি ডাকাত চক্র বিশেষ কৌশলে ডাকাতি চালিয়ে আসছিল। চক্রের সদস্যরা চলন্ত মাইক্রোবাস বা প্রাইভেট কার লক্ষ্য করে রড বা লোহার পাইপ নিক্ষেপ করত। এতে চালক আতঙ্কিত হয়ে গাড়ি থামালে ঝোপ থেকে বের হয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নিয়ে যেতো তারা।

শুক্রবার (৮ মে) রাতে একই কৌশলে পুলিশের একটি সাদা মাইক্রোবাস লক্ষ্য করে রড নিক্ষেপ করে ডাকাতরা। তারা গাড়িটিকে সাধারণ যাত্রীবাহী মাইক্রোবাস ভেবেছিল। তবে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিক নেমে ডাকাতদের ধাওয়া করলে বেশ কয়েকজন পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্য রবিউল হোসেনকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রবিউলের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি ডাকাতির মামলা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ডাকাতরা পুলিশের মাইক্রোবাসে রড নিক্ষেপ করেছিল। পরে অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৭ মে) রাতেও সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া এলাকায় একই কৌশলে একটি বিয়ের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x