Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পার্কে দুই রুশ নাগরিককে হেনস্তা, আটক ২ টিকটকার

এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ 

আপডেট : ১০ মে ২০২৬, ০৮:৫২ পিএম

নাটোরের লালপুর উপজেলার গ্রীনভ্যালী পার্কে দুই রুশ নাগরিককে হেনস্তার ঘটনায় আমিনুল ইসলাম ও রাসেল ইসলাম নামে দুই টিকটকারকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মে) রাতে রাজশাহীর আড়ানি ও তানোর থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গত শুক্রবার ( ৮ মে) ‘টিকটক বন্ধু মিলনমেলা-২০২৬’ নামের একটি অনুষ্ঠানের জন্য শতাধিক তরুণ-তরুণী লালপুর উপজেলার গ্রীনভ্যালী পার্কে সমবেত হয়। দুপুর আড়াইটার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রুশ নাগরিক ওই পার্কে বেড়াতে যান। সেখানে পিকনিকে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন টিকটকার। এ সময় তারা ওই দুই রুশ নাগরিককে ঘিরে ধরে অশালীন ভাষায় হেনস্তা করেন।” 

পরদিন শনিবার হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় শনিবার (৯ মে) পার্কের ব্যবস্থাপক বাদি হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।   

এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে অন্য অভিযুক্তদের ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

   

About

Popular Links

x