Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে লাইসেন্স বাতিল’

ডিএসসিসির প্রশাসক আরও বলেন, ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে কঠোর ব্যবস্থা

আপডেট : ১২ মে ২০২৬, ১২:০৩ পিএম

ঢাকায় বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য নির্ধারিত ১০০ টাকার বেশি আদায় এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১১ মে) রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আসন্ন ঈদ-উল-আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও নাগরিক ভোগান্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করছে এবং প্রতিদিন ময়লা সংগ্রহ করছে না।”

তিনি বলেন, “এটি কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে।”

সভায় সিদ্ধান্ত হয়, নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল করা হবে।

একইসঙ্গে ‘দিনের বর্জ্য দিনেই’ অপসারণ নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়। কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না বলেও এ সময় জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদপরবর্তী তিন দিন কোনো পরিচ্ছন্নতাকর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে থাকতে হবে।

রাস্তা বা খালে ময়লা ফেলা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, “কোনো বাসা থেকে নির্ধারিত স্থানে ময়লা না রেখে রাস্তা বা খালে ফেললে সংশ্লিষ্ট বাসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”

সভায় ডিএসসিসির উর্ধ্বতন কর্মকর্তারা এবং বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x